নিয়ে আয় খেলোয়াড়ি বল,
উড়ুক তুফানে উইকেট;
আমার উদ্যানে।
বাড়ির সামনে চেঁচা উত্তাল - "ভাই, ভাই
ওটা পায়ে লেগেছিল",
ভেঙে ফ্যাল আমাদের নিশ্চুপ
পাড়ার বিকেলঘুম,
নিজের দিকেতে শাসানির চারটে আঙুল,
আর বিরুদ্ধতার তর্জনী।
আমাদের শীতকাল, বয়স বিরুদ্ধতা জুড়িয়ে উঠুক,
জুড়িয়ে উঠুক সব বন্ধুতা বিচ্ছেদ, চাকরির অপলাপ
এইচ-আর সালিশী সভা;
আর
জুড়িয়ে তুবড়ে দে,
দে তো দেখি, হিংসুটে দৈত্যের বাগানেতে অপ্রতিম কাঁটাগাছ,
আর ভেতরেতে নুয়ে পড়া করুণ জবা।
মধ্যবয়সে যারা বুড়ো ভাম,
ভীমরতি প্রাপ্তির সামান্য দূরে –
এটুকু মানতে পারি,
আমাদের বাপ, মা, কাকারাই পাড়ায় পাড়ায়
আদরে, বেনামে, কালো টাকা আর সবুজ উদ্যানে,
ফেলেছে সিন্ডিকেট, নির্মিয়মাণ ফ্ল্যাট,
ফণীমনসার কাঁটা বেড়ার স্তবক।
এখন বিকেল হল।
আমার পাড়াকে তোরা টেনে আন উদ্যানে।
আমাদের আওয়াজের ভদ্রতা ভয়টুকু
ব্যাটেতে, বলেতে নাচা-
"আউট, আউট"।
শেখা ঢের বাকি আছে নীতি বা সবক।
২৯ নভেম্বর, ২০২৫
Comments
Post a Comment