Skip to main content

Posts

Showing posts from November, 2025

পাড়া ক্রিকেট

  নিয়ে আয় খেলোয়াড়ি বল, উড়ুক তুফানে উইকেট‌; আগেভাগে পিচটিচ ঠিক কর তোরা – আমার উদ্যানে। বাড়ির সামনে চেঁচা উত্তাল - "ভাই, ভাই ওটা পায়ে‌ লেগেছিল", ভেঙে ফ্যাল আমাদের নিশ্চুপ পাড়ার বিকেলঘুম, নিজের দিকেতে শাসানির চারটে আঙুল, আর বিরুদ্ধতার তর্জনী। আমাদের শীতকাল, বয়স বিরুদ্ধতা জুড়িয়ে উঠুক, জুড়িয়ে উঠুক সব বন্ধুতা বিচ্ছেদ, চাকরির অপলাপ এইচ-আর সালিশী সভা; আর জুড়িয়ে তুবড়ে দে, দে তো‌ দেখি, হিংসুটে দৈত্যের বাগানেতে অপ্রতিম কাঁটাগাছ, আর ভেতরেতে নুয়ে পড়া করুণ জবা। মধ্যবয়সে যারা বুড়ো ভাম, ভীমরতি প্রাপ্তির সামান্য দূরে – এটুকু মানতে পারি, আমাদের বাপ, মা, কাকারাই পাড়ায় পাড়ায় আদরে, বেনামে, কালো টাকা আর সবুজ উদ্যানে, ফেলেছে সিন্ডিকেট, নির্মিয়মাণ ফ্ল্যাট, ফণীমনসার কাঁটা বেড়ার স্তবক। এখন বিকেল হল। আমার পাড়াকে তোরা টেনে আন উদ্যানে। আমাদের আওয়াজের ভদ্রতা ভয়টুকু ব্যাটেতে, বলেতে নাচা- "আউট, আউট"। শেখা ঢের বাকি আছে নীতি বা সবক। ২৯ নভেম্বর, ২০২৫

The Best in Me

  I still remember My love for you. The untouched page Which I smelled so dear When I was a teenager. The mystery lanes And dark crimson caress Of light-stands. Or, that very night It was raining My math-soaked brain was cycling Like a doodlebug When a pack of stray dog Hunted me wild. I surrendered. They left me untouched! I still remember. The dogs are still hunting The good will. And then a slumber of stinging pain Pricks my lumbar spine. I hear the call Before it kills, The best is still... 28 November, 2015

যেভাবে উঠছি বেড়ে

সমস্ত অর্জিত। যেমন ভাঙাচোরা গায়কের নিদারুণ সুরের শাসন রাতারাতি সি.কিউ.এলে নির্মাণ হয়ে যায় কোডের রঙিন অনুভূতি। সবটাই নির্মিত তাই। এমনিতে বহু দূর, ওসব পশুর চামড়াতে স্বপ্নের টাকা বন্ধুর অন্যদিকে তো সবই মাসতুতো ভাই। এমন কি বিবাহবার্ষিকী এর থেকে পার পায় না কি? পাঁচ বছরেতে কক্ষনো ঝগড়া হয় নি ; জানি , ওতেই তো বেঁচে আমি তবু, সে প্রাক্তন, প্রাক্তনই... দূরত্ব শিশিরধ্বনি! নিষ্পাপ বদলাতে হবে, সমস্ত অর্জন ঠেলে আমি তবু নির্মিত?? কবে? 28 November, 2017

দিনানুদিন

  এক মুহূর্ত আগেও যা ছিল‌ ঠিক, মনে হচ্ছিল – চলুক, চলুক, এখন সেইসব শুধু অসহ্য‌ মনে হচ্ছে। দিনানুদিনের পাপ যায়। শীত, মিঠে শীত থেকে কাবাব আর‌ কম্বল, প্রবল, প্রবলতর হতে হতে, একদিন নিজেদের নিউমোনিয়াও ধরা পড়ে। দু পেগ বা তিন, তারপর এখন আর হলুদ বমির মত খেতে লাগে আদরের তরল পানীয়। দিনানুদিনের পাপ - যা যা ছিল বিলাসবহুল সব, এখন তা স্বাভাবিক। যায় শুধু এখন ডিসেম্বর এলে ভাবি, এবছর আমাদের মিতব্যয়ী, স্বল্পাহারী যাপনের কথা হয়েছিল। এবছর আমাদের ভালো থাকবার কথা হয়েছিল। এবছরও হবে। যে পর্যন্ত না ফুরিয়ে যাচ্ছি এই পাপ নিয়ে দিনানুদিনের উৎসবে। ৬ নভেম্বর, ২০২৫

হেমন্তে একটি স্বপ্ন

  এই যে সমস্ত আলো দিয়ে জড়িয়ে রেখেছ এত অবিশ্বাস -- প্রত্যেক মুহূর্তেরা ছোট হয়ে যায়। আমাদের চুলের জড়তা আমাদের একান্ত হোটেলে ব্ল্যাক কফি এখন সব, ব্ল্যাক আউট। আশ্চর্য অথবা অলীক মনে হয়। রাত ১টা ১০ বাজে, অথচ সময়িত হতে হবে। অথবা চুমু খেতে খেতে মনে হবে সময়িতা-র জীবনে এ জীবনে আর আসা হল না। একটি আশ্চর্য বিড়াল গুটিসুটি হয়ে বসেছে, খাওয়ার টেবিলে। আমি ওর লোমে হাত রাখি ছিনিয়ে নিই ওর রাত্রি কামার্ত ওম। ওর গায়ের গন্ধ আমাকে সেই পুরুষের কথা মনে করায় যিনি বলেছিলেন, বাজারে আলুর দাম বেড়েছে, আলুর খোসার উপকারিতা, টমেটো কেন বিলিতি দ্রব্য, ইত্যাদি। অথচ এই অবিশ্বাস, প্রত্যেক মুহূর্তে ছোট হয়ে যায়। ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইবুক এসব স্বপ্নকল্প। শেখাবে কাকে? কে মেনে নেবে শিক্ষিত বাউল? চারুকেশী, খাম্বাজে স্মিত একতারা? সমস্ত পৃথিবীর দিগন্তরেখা বয়ে, আজ শুধু জ্ঞানের পাহারা। ৬ নভেম্বর, ২০২১

অকারণ

  অকারণ বিরক্ত করছ। অকারণ, অকারণ আমি বলছি তোমাকে শোনো, পার্ক স্ট্রিট ডান্সফ্লোর, উদ্যম রাত, আমার প্রথম ট্রেক, খ্যাতির আনত চূড়া, আমার গানের পর পাহাড়প্রমাণ হাততালি, কিংবা আনখশির যৌনসম্ভাবনাময় বিকেলের কমলা আলোরা, আমাকে তোমরা সব অকারণ, অকারণ, অকারণ বিরক্ত করছ। বরং, বেরিয়ে এস চায়ের দোকানে বা বাঘাযতীনের প্ল্যাটফর্মে। ওদের পাশেতে বসো, দাবার ছকের পাশে। বিকেলবুড়োরা যেই "চেকমেট্, চেকমেট্" বলে রুটি, ঘুগনি আর চায়ের অর্ডার পাঞ্চ করে দেবে, লাগাও তোমার‌ পাঞ্চ মোক্ষম কৌশলে, বিমা-দালালের মত হাসো। আর বেচে দাও যা যা বলছিলে – সিঙ্গাপুরের ট্রিপ, রিটায়ারমেন্ট পরিসীমা কমিয়ে আনুন, বাই ওয়ান গেট থ্রি, নিদেনপক্ষে লটারি জেতার ম্যাথক্লাস। ব্যাস। আমি ভাঙাচোরা লোক। সন্ধ্যেতে এখন এই সোফাটুকু নিয়ে পড়ে থাকি। এবছর বন্যায় ডুবে কাঠটাও একদম গেছে। এখানে মেওয়া কি ফলে? আমার সোফার পাশে অকারণ, অকারণ অকারণে বসে, ফুঁকে, বিরক্ত করছ। আর কাল সকাল সকাল, সোফাটাকে সারাইয়ের লোক আনতে হবে। ৫ নভেম্বর, ২০২৫