এক্সাইডের মোড়ে
ভিক্ষাপাত্র নিয়ে ক্লান্ত
ঘুমিয়ে পড়েছেন যে অশীতিপর ভিক্ষুণী,
আমি ওঁর প্রার্থনার কাছে বসি।
চারদিকে ট্র্যাফিক জ্বলে ওঠে,
জ্বলে ওঠে লাল আর সবুজের সীমা
আর এক লহমায়,
আমাদের সামাজিক বেড়াজাল ভেঙে যায়।
আমি ওঁর নিঃশ্বাস নিই,
ফুসফুস প্রগাঢ় করি ধুলো বিস্তারে।
কারণ, ভাগ্যদোষে সবাই তো নয়ে নয়ে
বিষণ্ণ হয়ে আসে
'অন্যেরা যদি পায়?' - এই ভয়ে।
আমরা বিপন্ন হই,
জৈবিক খিদে কিছু কখনও তাড়িত করে -
সে তেমন
বড় কথা নয়।
আমরা ঘুমিয়ে পড়ি ভিক্ষার শেষ জেনে
সামান্য হয়ে আসে
আমাদের সকাল, দুপুর আর এসব প্রবল অবয়ব
রবীন্দ্র সদন থেকে আলো হয়ে নেমে আসে
রঙিন 'একুশে পা'
ভিক্ষা পূর্ণ করে।
আজ শুধু দোল উৎসব।
১৭ মার্চ, ২০২২
Comments
Post a Comment