সারাটা সকাল জুড়ে রবীন্দ্রনাথ বসেছেন।
অনুগামীরা এসে পড়ছেন একে একে।
সমস্ত বোলপুরে হলুদের মেলা আজ।
সারাটা সকাল জুড়ে তিনি বসে,
তাঁর পাশে অগণন লোকেদের ভীড়।
কেউ কেউ মাথা নত,
কারও চোখ সটান তাঁর মুখের দিকে
যদি এখনই কিছু বলে ওঠেন।
প্রতি অক্ষরে জেগে থাকে অমৃতভাষ, অসীম বৃষ্টির গভীরতা।
আর দূর থেকে এক পাল লোক কৌতূহলী উঁকিতে মেপে নিচ্ছেন
ওঁর দৈর্ঘ্য, উচ্চতা, পাঞ্জাবী কতটা সাদা...এই সব টুকিটাকি।
সমস্ত কলকাতা জুড়ে সাদা সাদা রোদের বস্তা উপুড় করে দিচ্ছেন রবীন্দ্রনাথ।
এত মানুষ ভাবছেন জুড়িয়ে নিচ্ছেন নিজেদের বাঙ্গালীস্বভাব,
এত অবাঙ্গালীর ভিড় নন্দন-সদনে, উৎসবে
মোড়ে মোড়ে এত গান,
এত আলো কৃত্রিম রবিতীর্থে...
আর দু’পা এগোলেই তো ইউনিটেক,
আর দু’মাস পরেই তো বাইশে শ্রাবণ।
এসব দেখার পরে আমি কি আর মন খারাপ করতে পারি?
৯মে, ২০১৬
Comments
Post a Comment