সমস্ত বিকেল যখন আলো করে বেজে উঠছে ট্রেনের হর্ণ, পৃথিবীজোড়া সমস্ত প্ল্যাটফর্মে হামলে পড়ছেন নিত্যযাত্রীরা, পাড়ার মন্দিরে জটলা হচ্ছেন ধার্মিকেরা খিচুড়ী প্রসাদের খোঁজে, তখনই যেতে হবে পবনদার দোকানে। কতরকমের বিকেলই তো আসে আর নষ্ট হয়। সময় নষ্ট করে কাটান আড্ডাবাজেরা। অনর্থক খালি পেটে স্তরের মত জমতে থাকে চায়ের নিভৃত আদর। চা ছাড়া চলবে কী করে? কী নিজস্ব এই নেশা, কতরকমের তার আদল। লিকার চা, দুধ চা, চিনি দিয়ে লিকার, চিনি ছাড়া দুধ চা। আরেকটু এগিয়ে গিয়ে গ্রীন টি, মকাইবাড়ী ; সাম্প্রতিক সংযোজন মধু দিয়ে চা, লেবু চা ইত্যাদি ইত্যাদি। এক একটা কাপ শেষ হতে থাকে ; ওহ্, না না। ভাঁড়। মাটির ভাঁড়ের সাথে চায়ের নিজস্ব আত্মীয়তা রয়েছে। একই চা তাই কাগজের কাপ আর মাটির ভাঁড়ে একরকম লাগে না।
এমন চা পাগলদের কাছে রয়েছে অনেক আস্তানা। তবে পবনদার দোকান মানে তো শুধু চা নয় ; একটা আস্ত জীবনযাত্রার দিনলিপি। একা মানুষের কতরকম সকাল আসে প্রতিদিন। একএকদিন কেজো সকালগুলোতে যখন অলস ডানা তুমি খুলে তাকাচ্ছ ইতস্তত জানলার বাইরে, ভাবছ ‘কাজে যাওয়ার সত্যি দরকার আছে কি?’, ঠিক সেইসময়েই তোমার মনে পড়ে যাচ্ছে দু’পা এগোলেই স্টেশনের প্ল্যাটফর্মে সেই ভোর পাঁচটায় নেমেছেন পবনদা। ক্যানিং থেকে আসেন প্রত্যেকদিন ; আবার কাজ গুটিয়ে বেড়িয়ে পড়েন রাত ১০টা পেরোলেই। গৃহহীনের ঘর যেন ওঁর এই দোকান। আমি তো জানি, ঘর তো শুধু চারটে দেওয়ালের মধ্যে নেই ; তার সাথে জুড়ে যান পরিচিত মানুষজন, তাদের মধ্যে বেড়ে ওঠা লক্ষ্যহীন কথোপকথন, ধাপে ধাপে বেড়ে ওঠা নিবিড় আত্মিক বন্ধন – সমস্তটা মিলেই ঘর। পবনদা তাই স্ত্রীয়ের সাথে মানিয়ে নিতে পারেন নি। তাই খুঁজে যাচ্ছেন তৃতীয় একটা ঘর ; অর্বাচীন সুর গুলোর মধ্যে গান খুঁজে যাচ্ছেন প্রতিদিন ।পবনদার দোকান ঘিরে জটলা হওয়া মানুষজনও তো তাই।
সমস্ত হারিয়ে পেশাজীবন শেষ করে এঁরা বিকেল বিকেল চলে এসেছেন জিজ্ঞেস করতে, আরও কোনো সবহারা আছেন কি? আমার মত?
পেয়ে যান, পেয়েই যান অনেকে। প্রত্যেকদিন বিকেলগুলো ডিমের কুসুমের মত ছলকে পড়ে আকাশজুড়ে ; সমস্ত মানুষের ব্যস্ত আওয়াজে বেড়ে ওঠে একটা আরও বেঁধে বেঁধে থাকার আকূতি আর সেই সময়ই আমার মত কেউ ভিড় ঠেলে, মাথা গলিয়ে পবনদাকে বলে ওঠে “একটা বাটার টোস্ট আর ডবল ডিমের পোচ”। ডিমগুলো এক বিকেল আকাশের মত গা এলিয়ে দিচ্ছে ফ্রাইং প্যানে, আর আমি শুনতে পাচ্ছি সে’সব গান একের পর এক , যা কোনোদিন শুনিনি চায়ের দোকানে – “অতল কালো স্নেহের মাঝে, ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো”। এরকম প্লে লিস্ট শোনো, পবন দা? উত্তর দেয় না। পরম মমতায়, পোচের ওপর নুন, গোলমরিচ ছিটিয়ে এক কোণ দিয়ে ছিপছিপে হাতে প্লেটটা বাড়িয়ে দিয়ে বলে, “নাও, ধরো”...
এক মুঠো আকাশ এখন তলতল করছে আমার কাছে...
2017
Comments
Post a Comment