সেভাবে দেখলে অনেক সামাজিক সম্পর্ক বাকি থেকে গেল। পাড়ায় পাড়ায় সপ্তমীর ক্যুইজ কন্টেস্ট চলছে; অন্তাক্ষরী প্রতিযোগিতা, মিউজিকাল চেয়ার - আরও কত কী! সপ্তমীর পুষ্পাঞ্জলি শেষ হয়েছে সকালে। অলক্ষ্যে কোন সকালে পাড়ার ভীড়ে নিজেকে গুঁজে দেব, কতবার ভেবেছি। যাই নি। আজ বাড়ির পুজো হচ্ছে, তাই ব্যাপারটা ঘটে গেল আর কী।
কয়েকদিন আগে এক বন্ধু জিজ্ঞেস করছিল, কিছু হয়ে ওঠা হল না বলে আফসোস হয়? না তো। তবে, হ্যাঁ। টিনএজে একবারও ওলটপালট করে কাউকে ভালোবাসা হল না, এমনকি আজও হয়নি বলে মন খারাপ হয়, আফসোস হয় বৈকি! যে সম্পর্ক প্রথম কথা না বলার সাহসে কোনদিন জন্মায় নি, যেসব বিদেশ দেখা হওয়া ছিল প্রায় নিশ্চিত, অথচ থাকার খরচের ভয়ে কোনদিনই হয়ে উঠল না, শুধু ফোন করতে অনীহার কারণে যেসব সন্ধ্যেবেলা তেমন আর সম্ভাবনাময় বলে মনে হচ্ছে না আজও - এসব নিয়েই থাকতে হবে। আমাদের সবাইকেই থাকতে হয়।
কিন্তু, এই থাকার মানে পিছিয়ে পড়া- সেটা নাও হতে পারে। আসলে, এসব লিখতে লিখতে নিজের সাথে একটা অসেতুসম্ভব বোঝাপড়া হতে থাকে। এমন অনেককে চিনি, যাঁরা নিজে আদ্যপান্ত পপুলিস্ট কাজ করে যেতে চেয়েও আসলে মেধাবী কবিতা লেখেন। সাউথ সিটিতে একটা ফ্ল্যাট বা অন্তত মাহিন্দ্রার নতুন SUV কিনতে চেয়েও তার কাজের ধরণের কারণে পয়সার সাথে আপোস করতে করতে খুব একা হয়ে যান। পারিপার্শ্বিক ও আন্তরিক বিরোধই যে(কষ্ট হলেও সত্যি)এই পরস্পরবিরোধী দুটো ঘটনার সহাবস্থান আটকে দেবে বারংবার - একথা মেনে নিতে আর মনে নিতে তাদের বেশ অসুবিধে। শুধু তাই নয়, 'আমি মেনে নিতে পারছি না, jealous হচ্ছি না চেয়েও' - এই সহজ বোধের কাছাকাছি আসতেও একটু মাথা থেকে পা টলে যায় তাদের। এর শেষটা মারাত্মক- এক অসংবেদী রাগ থেকে ক্রমশ ডার্ক হয়ে যাওয়া, আমার পথ যে নেয়নি তার সম্বন্ধে প্রতি মুহূর্তে অলক্ষ্যে নীতি পুলিশের শুনানি দাগিয়ে যাওয়া। নিজেকে আলাদা করতে করতে কতদূর যাবে তুমি? এত বিষ কোথায় রেখেছ?
আসলে, সব কিছু খুব তাড়াতাড়ি পুরোনো হয় আজকাল; Alvin Toffler তার Future Shock বইয়ে এটা অনেক আগেই ১৯৭০-এ বুঝিয়ে দিয়ে চলে গেছেন। তাই যখন পুজোতে একটু বুদ্ধিদীপ্ত লেখা খুঁজতে গিয়ে পুজোয় বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের বা ডোমেদের কেমন কাটে - এসব পড়তে হয়, তখন একটুও মন কেমন তো হয়ই না, বরং এই লেখা কেন লেখা হয়েছে সেটা ভেবেই হাসি পায়। স্রেফ হাসি পায়। মনে হয়, কবে নিজের ভাষায় আন্তর্জাতিক মানের কিছু লেখা পড়ব? একটা সিনেমা দেখব যা শুধু চিত্রকল্পে তৈরি?
এসবে খুব বাজে ভাবে এমন ভাবে মাঝে মাঝে আটকে পড়তে হয় যে, সত্যিই 'সতত নির্ভুলভাবে সম্পর্ক স্থাপন করা যায় না' এখন।

Comments
Post a Comment