সেই সমস্ত চায়ের দোকানে যাই, যেখানে চিনির সরের মত আশ্রয় বুক পেতে আছে। এখনও টালিগঞ্জ মেট্রোর বাইরে বেহালা বাজানো ছেলেটির কোঁকড়ানো চুলে হাত বোলাতে ইচ্ছে করে। ওর সুরের সতেজ ঝিকিমিকি শুনি আর সন্ধ্যে তরল হয়ে আসে। ওদিকে, তুমি ভুলে চায়ে মিশিয়ে দিয়েছ গুঁড়ো চিনি। "হালকা লিকার, চিনি ছাড়া", কারণ এখন আমার আর কোন আশ্রয়ের প্রয়োজন নেই। "খুব না? কী দেখছিস? পড়াশুনো কর, ভাই", অন্য মেয়েটি তার বন্ধুকে বলে। সুর আমাদের এখনও কোন আশ্রয় দেয়না, শুধু দৌড় করিয়ে ছাড়ে পাহাড়ে পাহাড়ে। আমরা তাই বর্ষায় দার্জিলিং যাই কাঞ্চনজঙ্ঘা দেখব না বলে। আমাদের অসহায় ফুসফুস কেশে ওঠে ক্রমাগত অসুখী বাতাসে। আর, মেঘেতে আঙুল রেখে মনে হয়, অন্তত এবছর আমাদের সুস্থ থাকার কথা হয়েছিল।
28 October 2022

Comments
Post a Comment