এরকম হেমন্তের সন্ধ্যেবেলা আকাশপ্রদীপ জ্বলে ওঠে নাকি? ওঠে তো। নকুড়ের চকোলেট সিঙ্গাড়ায় কামড় দিতে দিতে যখন মান্না দে'র গলায় শুনতে পাই, "কুয়াশার অগোচরে, কে গো তুমি গেলে সরে?" - তখনই তো, তখনই তো! "এখানে জানিস তো, মান্না দে থাকতেন", সুশান্ত দা আজ বলছিল জলভরা সন্দেশ হাতে। এখনও মান্না দে গেয়ে যাচ্ছেন এ পাড়ায়, শেষ জীবনের 'স্বজনের কটু গঞ্জনা' উপেক্ষা করে।
এসব সন্ধ্যেবেলা আশ্চর্য হতে ইচ্ছে করে। সেন্ট্রালে নামি আমরা। হেঁটে পুঁটীরামে পৌঁছে একটু কচুরি-ডাল আঙুলে লাগিয়ে গল্প করি খানিক। 'আর কত ছোট হবে, হে ঈশ্বর?', শঙ্খ ঘোষের শব্দগুলো বদলে নিয়ে, কচুরির চেহারা নিয়ে একটু মজা করতে করতে ভাবি এ শহর, আমাদের চারপাশ আর আমাদের আশ্চর্য হতে শেখায় না। কালিকায় ফিস ফিঙ্গার নিই দুজনে; সাথে একটু কাটলেট। আমাদের জন্য কোন আশ্চর্য মুহূর্ত আর অপেক্ষা করে নেই। কলেজ স্কোয়ারে ঢুকে যাই।
"এটা আমার ছোটবেলার পাড়া; বহুদিন পর এলাম রে, ভাই।", এই বলে হঠাৎ দেখি "Members Only" লেখা swimming club-র একটা দরজার দিকে হাঁটা লাগিয়েছে।
"আরে, দাঁড়াও। কোথায় যাচ্ছ?", আমি বলতে বলতেই সেসব শোনার আগে ততক্ষণে ভেতরে একটা পুলের সামনে এসে দাঁড়িয়ে। "এটা novice-দের, আর আর...", এই বলে ছুটে সটান বাইরে। আমিও পেছন পেছন ছুটি। "এটায় একটু শিখলে তারপর পাঠাত। এটা বেশী গভীর।"
আলো জ্বলে ওঠে কলেজ স্কোয়ারে আর তখনই হঠাৎ পুলের গভীর জল না কোথা থেকে যেন, সুশান্ত দা'র কাছে এই সমস্ত আশ্চর্য উঠে আসে।ছোটবেলার অবাক আশ্চর্য। মোবাইলে ছবি উঠে যায় একের পর এক, শুধু একটা সুইমিং পুলের। আমি বুঝতে পারি, পার্ক স্ট্রিটে কেন সন্ধ্যেবেলা এখনও হাঁটলে আমারও 'আশ্চর্য নতুন ভাবে' কিছু না কিছু দেখা হয়ে যায়। "লাল ফিতে, সাদা মোজা, স্কুল ইউনিফর্ম" পেরিয়ে কখনও মনে হয়, সমস্তই কি যায়?
কফি হাউসে বসে খুব গরম লাগে। কর্পোরেট জীবনের দখলদারি এভাবে নেমে এল তবে? আমরা নিজেদের প্রশ্ন করি। এতক্ষণে আমার আশ্চর্য হওয়ার সময় আসে। এরপর হাতিবাগান অবধি হেঁটে যেতে যেতে মনে পড়ে, কীভাবে খরচ বেড়ে চলেছে নিয়মমাফিক। Lifestyle inflation নিয়ে, multiple income stream নিয়ে, অর্থনৈতিক সিদ্ধান্ত আসলে যে অঙ্কের চেয়েও মনস্তাত্ত্বিক আলোচনার বিষয় - তা নিয়ে আর এসব বিষয়ে YouTuber-দের জালিয়াতি নিয়ে পড়িয়ে চলেছি প্রত্যেকদিন- লক্ষ্মী নারায়ণ সাউয়ের দোকানে কাশ্মীরী আর আমের চপের তেল কাগজের ঠোঙায় মুছতে মুছতে সেকথাও বলি।
ততক্ষণে হাতিবাগান আরসালান। কিমা কারি নিই আমরা ; বাড়ি ফিরে খাব। খাব কি আদৌ আজ? "
"বাড়ি ফিরে কী করবি? গান? রাতে হচ্ছে নাকি আজ অল্প করে? "
"না, না, পাগল? চল, শ্যামবাজার দিয়ে ফিরবে তো? একটু পা টানছে এবার।"
আসলে, কীভাবে ও কেন আমরা কথা বলার বিষয় হারিয়ে, অন্যকে সুস্থ করার ইচ্ছে হারিয়ে আস্তে আস্তে আমাদের আড্ডার ফাঁকা সময়টুকুও, একসাথে কাটানো সময়টুকুও খাদ্য আর পানীয়ে কিংবা নেটফ্লিক্স দিয়ে ভর্তি করছি - এসব কথাই ফিরে ফিরে আসে কফি ও কবিতায় ইনফিউশন খেতে খেতে।

Comments
Post a Comment