বিবাহ ডায়েরী ১
----------------------
একটি প্রচ্ছন্ন আরামের কথা ভাবি।
কিছু না হয়ে ওঠা, সকাল সকাল
সিগারেটের আগুনের ইচ্ছেও থমকে যায়।
টি-শার্টে ব্যস্ততা জড়িয়ে
ও অফিসে বসেছে।
আমার তো রান্না করা - খেলা!
শব্দে কুয়াশা, মন থিতু হলে
টার্গেট কমে যায়।
গরম বাক্যে স্বাদু লাগে
ওবেলার আলু-খোসা ভাজা।
এ যাপন নিয়তি?
অবশ্যম্ভাবী?
এখন ডাকছে মনে হয় আবার।
যাক্ গে!
প্রগাঢ় আরামের কথা ভাবি।
-------------------------------------------------------------------
বিবাহ ডায়েরী ২
------------------------
বাজার করার সাথে সুস্থতার
কোথাও না কোথাও এক যোগাযোগ আছে।
এ বয়সে অশীতিপর আমার এই কেশো বুড়ো বাবা
তাই অশক্ত শরীরেও হাতে টানে ফুলকপি, আলু।
রিক্সা চায় না।
আসলে বাজার মানে আলো
আর শব্দের পাড়া। এ বয়সে খুব ভালো
কানে তো শোনেনা বাবা ঠিক,
তাই কোনটা লোকাল মাছ তর্জমা করা আর
কোনগুলো পেটে, সস্ত্রীক
তা বিয়ের এতদিনে বাবা বুঝতে পেরেছে।
ওভাবেই বেছেছিল ওকে।
দিন কে দিন, অসহ্য লাগছিল আমার প্রেমিকদের।
বাবার ব্যাগেতে ভরা আমি তাই উষ্ণতা বেচি।
বিয়ে করে, মনে হয়, আমি
বাবাকে কোথাও গিয়ে বাঁচিয়ে রেখেছি।

Comments
Post a Comment