তোমার সাথে ফেসবুকে যেদিন প্রথম কথা হয়েছিল,মনে আছে, সেদিন পাটুলীর নার্সারী থেকে কিছু গাছ কিনেছিলাম। তারপর জিজ্ঞেস করলাম, কী বই পড়ছ এখন। তুমি বলেছিলে, ইলিয়াসের 'চিলাকোঠার' সেপাই। তোমার সেই আঞ্চলিক উচ্চারণে বইটির নাম বদলে যাওয়া মনে আছে।
সেদিন লেক রোডে সন্ধ্যেবেলা হাঁটছি। শীত শুরু হবে হবে। বাতাস শুধু উৎসব উৎসব হয়ে আছে। নজরুল মঞ্চে রূপম ইসলাম বাংলা রকের নির্মাণ-বিনির্মাণ করে চলেছেন। রাক্ষসবাদ্য গিলে নিচ্ছে লেকের নিবিড় দুটো ছেলেময়ের হাতের অপরাহ্নতা, ঠোঁটের চুমুকের শব্দ-গন্ধ। এ পাড়ায় সন্ধ্যে হলে, এখনও পাখি ফেরার আওয়াজে গাছ আর আকাশ ঝমঝম করে ওঠে। তবে, আজ শুধু রূপম গাইছেন - "ভেসে যাচ্ছি এবং,/ভিজে যাচ্ছি আবার/এক অপূর্ব অসম্ভবে/শোনো তুমি কি আমার হবে?/আজও তুমি কি আমার?"
মনে আছে।
কলেজ স্ট্রীটে একদিন আমরা (সত্যি নয়, মনে মনে) হেঁটে, ঘেমে নেয়ে, ধুলোস্নানের পর প্যারামাউন্টে বসেছি। তোমার অগোছালো চুল, চব্বিশে কপালে বলিরেখা সামলে তুমি অর্ডার দিতে গিয়ে জানতে চাইছ, ডাব মালাইটা হবে?
না।
এবার সামনে রাখা মেনুকার্ড মুহূর্তে সাদা হয়ে যায়। তুমি চশমা সামলে নাও। মনে হয়, বুরিদানির অভুক্ত গাধার মত দুটো সমান দূরত্বে থাকা খাওয়ারের মধ্যে বেছে নিতে পারছ না কোনটা মুহূর্তে পাবে, কোনটা ভাল। আমি বলি, প্যাশন ফ্রুট। বিকল্প বল, ব্যাক-আপ বল - আমার সব হাতের মুঠোয় বলেই ছোট থেকে জেনেছি। তুমি বললে, আমাকেও তাই দিন।
মনে আছে।
সব মনে আছে। কিন্তু, তারপর হঠাৎ এক একদিন কলেজ স্ট্রীটে বই কিনে প্রেসিডেন্সীর সামনে হাঁটতে হাঁটতে মনে হয়, বিকল্প পাচ্ছি না। সেন্ট্রাল মেট্রোয় ওঠার আগে মেডিকাল কলেজের সামনে একটা পথশিশু গাছের ডালে শাড়ি বেঁধে দিব্যি পাঁউরুটি চিবোতে চিবোতে হ্যামকানন্দে দোল খাচ্ছিল। ছবি নেব ভাবি। সংযত হই। ওকে কোন বিকল্প দেব? কিছু কি দেওয়ার থাকে আমাদের? ও ভাগ্যবান! ওর হ্যামক চাই না ; বিকল্প আছে। সাঙ্গুভ্যালীতে স্পেশাল মোগলাই নিই। খেতে খেতে বইটা উল্টেপাল্টে দেখি। আর বিড়বিড় করি- বিকল্প, আছ নাকি? আমার passive cluster node? পূর্ণ সিনেমার টিকিট একটা চিরকালীন বন্ধ কাউন্টারের সামনে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ চোখের সামনে দেখতে পাই, 100% packet loss মেসেজ। Server not responding.
রাধুবাবুর দোকানের সামনে এসেছি। চা সামলে ভীড় থেকে তফাতে দাঁড়াই। কান ঝনঝন করে ওঠে। শব্দ। শব্দ! ফসিলস্-এর অসহনীয় ড্রামস্ আর গীটারের অশ্লীল শীৎকার ছাপিয়ে কান ভোঁ ভোঁ করে ওঠে - কই গেলে? বিকল্প? বিকল্প? বিকল...
আমি তোমাকে ছুঁতে চাইছিনা আর। সেসব আজন্মলালিত নিঃশ্বাস আমার স্বপ্নে থাক। তবে সকালে উঠে প্রথমে ব্যালকনি পেরিয়ে ঐ সেদিনের পাটুলীর নার্সারী থেকে গাছেদের কাছে এখনও যাই। ওদের জলখাবার দিই। ওষুধ দিই যখন যেমন লাগে। বিকল্প নেই। ওরা আছে।
আছে।
১৬ ফেব্রুয়ারী, ২০২৩
(ছবিতে সাঙ্গুভ্যালীর স্পেশাল মোগলাই আর সেই বই)
Comments
Post a Comment