দু একটা গরু আর বাছুর কখনও
সন্ধ্যেতে, ভুলের আরাম পেতে
মুকুন্দপুর থেকে বাইপাসে উঠে আসে
ঠিক ;
তখনই মালুম হয়, ওরা কত গোবেচারা।
কারো গায়ে বাদামীর ছিটে,
কেউ কেউ কালো ;
এ পাড়াতে মজুরেরা থাকে বলে
ধবলীরা এদিকে আসেনা।
নিয়ন বা হর্ণের কাটাকুটি দেখে ওরা একটু ঘাবড়ে গেলে
এ পাড়ার কেউ কেউ ওদেরকে জল দেয় ;
তবে,
লটারি পেয়েছে ভেবে দোকানের কাছে গেলে
দোকানি খেদায়।
সমস্ত বিকেল পর এক একটা বাইপাস,
একা গোধূলির মত গাঢ়।
তখন এটুকু বুঝি,
আমিও তো কতবার ভুল করে ঢুকে পড়ে গেছি -
অনাহূত,
শিং ভেঙে বাছুরের দলে।
আমাকে ডেকেছে দানাপানি দিতে
হায়াতে বা সামপ্লেসে
সাদা চামড়ার ফরাসীরা।
ব্লেজার ঝাড়ার পর সারভাইভালের চাহিদা
গুঁড়ো হয়ে পড়ে গেলে মনে পড়ে,
এটাও তো কোয়েস্টে সামার সেলেতে গিয়ে কেনা।
এসবে কী হল তবে?
কী আর এখন হবে?
ধবলীরা এদিকে আসেনা।
১২ মার্চ, ২০২৩
Comments
Post a Comment