এসমস্ত রাতে তোমাকে আমি আমার সারা বছরের পুজোর পাড়ায় টেনে আনি। কারণ, অষ্টমী আমাদের পুজোর ক্লাইম্যাক্স। আমাদের কাছাকাছি থাকারও। মির্জা গালিব স্ট্রিট,পার্ক স্ট্রিট, রাসেল স্ট্রিট, লিটল্ রাসেল স্ট্রিট, হো চি মিন সরণী - এ আমার সারা বছর উৎসবের পথ। মন খারাপ হলে এ সমস্ত পথের কাছে আসি। সব কথা বলে দিই আলোর দোকানের কাছে; নিংড়ে আনি আমার সমস্ত অন্ধকার।
অথচ কী আশ্চর্য দেখ, এই পথ নিয়ে আমাদের সম্ভবত কোনদিন কথা হয়নি। পুজোতে কেউ কি রাসেল স্ট্রিটে যায়? আমিও তো যাই না ওদিকে। অথচ, ও পাড়ায় আমার সারা বছরের উৎসব পড়ে আছে। আর, এই দুর্গাপুজোতে উৎসব ঠিক ঠিক বুঝে নিতে তোমাকেও কোথায় যেতে হয়? ও পাড়াতে। তুমি আজকাল ওকে মজা করে 'এক্স' ডাকো। ভালো, বেশ ভালো।
কারণ, এ সমস্ত দৈববাণী। আসলে, তুমি আমাকেই খুঁজে চলেছ অতীত ও বর্তমানে। আমিও তোমাকেই। মানুষ তোমাকে হয়তো না। মানুষ আমাকে তুমিও বা হয়তো না। কিন্তু যে মুহূর্তে একটা আমার কাছে একটা স্বাভাবিক সম্পর্কের নাম তুমি হয়ে যাও, কিংবা তোমার কাছে একটা সুস্থ সম্পর্কের নাম হয়ে যাই আমি - তখন আর মানুষটার প্রয়োজন পড়ে না। আমরা আসলে আমাদের রক্তমাংস নই, বরং আমাদের কনসেপ্ট, ধারণা, আইডিওলজি। আমার 'চোখে, ঠোঁটে, গালে' তুমি লেগে আছ কিনা তার থেকেও বেশি একথা জেনেছি যে, রাস্তায় বেরোলেই এখনও তুমি আছ, পাশে আছ।
আমরা সারা জীবন আসলে শুধু একটা সম্পর্কের জন্য অপেক্ষা করি। তারই রকমফেরে কখনও কখনও হয়তো তোমাকে মনে পড়ে।
তা ভালো।
২২ অক্টোবর, ২০২৩
Comments
Post a Comment