বিকেলের স্নায়ু ছুঁয়ে বারান্দায় নেমে এল
অলৌকিক রোদ।
আর কিচ্ছুটি ভাবব না।
বেশ এই বসে থাকা।
নিরালম্ব, নোনাধরা ভাবুক পশ্চিমের আলো
সামগ্রিক অবাক হওয়া।
আজ আর কেউ অবাক হয়না, জানো?
সবকিছু স্বাভাবিক।
বিরুদ্ধস্বর, চাকা জ্যাম, আত্মায় বিরোধাভাসের লাল ছিটে
স্লোগানে ফাটা মাথা, পাঁজরায় কুকুরের দাঁত
এমনকি বেয়নেটে ফুল --
কোন কিছু আমাদের আশ্চর্য করে না।
বেশ এই বসে থাকা
একমাস, দুইমাস, ছয় মাস
একবেলা ডিম খাওয়া,
"ও অফিসে কথা বলছে তো,
হয়ে যাবে, হয়ে যাবে"
"সস্তার চালগুলো এখনও রেশনে দেয়" - এই সান্ত্বনা।
বিকেলের স্নায়ু ছুঁয়ে নেমে এল বারান্দায়
অলৌকিক রোদ।
আর কিচ্ছুটি ভাবব না।
১ মার্চ, ২০২২
Comments
Post a Comment