রাতে আমার কোনো বাড়ি নেই।
সমস্ত শহরের গলি নিজস্ব মনে হয়।
কুকুরের ভাষা, দেয়াল লিখন
হন্তারক বাইক-বাহিনী
আর যা যা রক্তাক্ত করে,
কানের পর্দা কেটে যায়
সবকিছুকেই বলি, 'ভালোবাসি, খুব ভালোবাসি'।
মৃদুভাষী,
তফাৎ যাও!
কলকাতা -
দেখো, কীভাবে ডাগআউট পেরিয়ে সাদার্ণ এভিনিউ
আলোক সরকারে ছেয়ে আছে।
কিশোরীরা বুড়ো হচ্ছে,
তরুণীরা ধুঁকছে ধোঁয়ায়,
যুবতীদের মধ্যবয়সী সিঁদুরে উজ্জ্বল গোলাপী দেখাচ্ছে।
কোথায় ফিরবে আর?
কোন আশ্রয়ে? প্রেম দেবে কোন প্রশ্রয়?
শহর ফেরার।
সজল গঙ্গার পাড়ে আশরীর মায়া লেগে যায়
তোমার বস্টন, শোন, জেগে ওঠে আমার বনগাঁয়।
৮ অক্টোবর, ২০২১
Comments
Post a Comment