ভালোবাসার অপেক্ষা থেকে যায়,
দেহাতি রোদ্দুরে।
গঙ্গার পাড় বেড়ে ওঠা জংলা বাড়ির ফুল,
আখবোনা ক্ষেতে উত্তরে একাকী ময়ূর
যখন বিষণ্ণ দুপুরবেলায়,
তখনই ধেবড়ে যাওয়া লিপস্টিক, আইগ্লস
পেখমেতে
আমাদের হাতের লাভ-লক্ আর হেঁটে যাওয়া পথে
দীর্ঘ দীর্ঘতর ভালোবাসার করুণ অপেক্ষা থেকে যায়।
মনে হয়, আলোর সাথেই কথা বলি
মনে হয়, সান্ত্বনা ভালো।
গৃহস্থের আকাশচারিতা,
টেলিস্কোপ, তারা দেখা জানালা এড়িয়ে -
এখনও দেখছি তাই অনেক অনেক জানালা আশরীর বিস্তৃত আছে।
মনে হয়, ধ্বনির সাথেই কথা বলি।
কারণ শ্মশানেতে কোন ধ্বনি নেই
আলোই পোড়ে,
আর অপেক্ষা দীর্ঘমেয়াদী,
তাও পুড়ে পুড়ে যায়।
আমাদের তারা দেখা, আমাদের লাভ-লক্, ম্যাচবক্স
শহীদ হয় ময়দানে
ঘোড়ার খুরের তাপে, শুধু
এখনও অবাঞ্ছিত কিছু
ভালোবাসার অপেক্ষা থেকে যায়।
২৯ মার্চ, ২০২২
Comments
Post a Comment