রক্ত খুবলে নিয়েছে দেহতাপ।
নির্বাণ হয়ে গেছে আগে।
যদি এই শরীর-পোশাক
একটি জানলা দিয়ে বুঝি,
মনে হবে কিছুই উদ্বৃত্ত নয়।
কারণ খোলসা করে বলি যে,
(আমাকে ছাড়ার আগে এই কথা বারংবার ভেবো)
সমস্ত শরীর-খোলসই একটি বৃহত্তর খোলস-প্রশাখা।
তোমার আগেও যত নিবিড় জেনেছি,
তাতে কোন স্বেদগন্ধ, জলের কিনারা
অথবা গৃধ্নু জিভে সাপের ছোবল ছিল না।
শুধু শরীর লুপ্ত হয়।
বয়ঃসন্ধির ভাঁজে গভীর স্বরের মত
নদী কিবা খাত জেগে ওঠে
একটি
দুটি -
শরীর সারণী বেয়ে আমরা কখন যেন
প্রথম আলোর ছাঁচে
আস্ত সরীসৃপ হয়ে উঠি।
২৮ এপ্রিল, ২০২২
Comments
Post a Comment