অরিন্দম চক্রবর্তীর বক্তৃতা শুনতে গিয়েছিলাম আজ, অবন ঠাকুরের ওপর। ছবি বুঝিনা আর ওঁর আজকের বলা আমার মনে তেমন দাগ কাটেনি। তবে একটা জিনিস শিখলাম। সে কথা বলি।
এখনও যারা বাংলা বলি তারা মাঝে মাঝেই "তন্ন তন্ন করে খোঁজা" এটা বলে থাকি। কথাটা কোথা থেকে এল?
অরিন্দমবাবু আজ শেখালেন, এটা এসেছে ন্যায় থেকে। ন্যায়শাস্ত্রে কিছু প্রমাণ করার জন্য যে স্টেটমেন্টের সাহায্য নেওয়া হয় তাকে বলা হয় "তৎ"। ধরা যাক বললাম, মানুষ একটি বিচারবুদ্ধি সম্পন্ন প্রাণী- এটি হল এই বিষয়ের তৎ। এবার একে খণ্ডিত করতে করতে অর্থাৎ এর বিপক্ষে বক্তব্যের (তৎ+ন=তন্ন) খোঁজ করতে করতে কোন একটা সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে।
তাই যখন তন্ন তন্ন করে খোঁজার কথা বলি, তখন দেখি যে - এইখানে কি আছে? না, এখানে নেই । তাহলে কি ওখানে আছে? না, ওখানেও নেই।
এভাবেই তন্ন তন্ন করে খোঁজা চলতে থাকে।
Comments
Post a Comment