অপাপবিদ্ধ এক ধূপগন্ধে ছেয়ে যাচ্ছে পাড়া।
কাছাকাছি আঁটোসাঁটো হয়ে বসে আছে কবুতর
এখনো আশ্চর্য লাগে বুক
আমাদের অনাবিল ঠোঁট,
আঙুল ভিজিয়ে দেয় নদী খরস্রোতা।
এই আলোয় এত মায়া
জীবন এখনও এত দামী
আমরা ঠাকুর দেখে
বাগবাজারের ঘাটে নামি।
প্রজন্ম পেরিয়ে যায়। ঘরে ফিরে আসে কেজো লোক
একাকী দেয়াল দেখে, আঙুলে আঙুলে মাপে শোক
অথচ তরুণীবেলা
পিঙ্গল রাতের চাদরে
তোমাকে জড়িয়ে রাখি, লোমে-বুকে আদরে আদরে।
আবার চক্ষুদান
বিজয় ঢাক পাড়ায় পাড়ায়।
তোমাকে ঘরেতে আনি।
প্রতিবেশী, ওঠো! দেখো -
কীভাবে নিষিদ্ধ ভোর
এ আশ্চর্য ধূপে সকাল হয়ে যায়।

Comments
Post a Comment