জেগে আছ?
রাতের গভীর পথে একা একা প্রতিধ্বনি ঘোরে।
মন্দ্রসপ্তকের ষড়জ ভেঙে পাতিত জল এসে পরে
গালের ওপরে।
জেগে আছ? জেগেছ কি?
প্রতিধ্বনিরা ঘোরে দরজাতে
জানলায় কাতর হয়ে উঁকি দেয় কোজাগরী চাঁদ।
জেগে আছ? কেউ কি তোমরা আছ জেগে?
কে কিনবে অলক্ষ্মী প্রতিমা?
সোনার পাথরবাটি ? লোহার অলঙ্কারা রূপ?
দরজা খোলে নি তাই, যদিও বা
দরজার পাশে অভ্যাসে আঁকা এক
আল্পনা জানে,
এই ছাপ তারই!
কে কে আছ জেগে?
জাগো গাছ, জাগো ঘরবাড়ি।
শুনে রাখ,
রাখালের পালেতেও পড়েছিল বাঘ।
ডেকেছিলে তাই,
এসেছি আজকে আমি ; দেব যা যা চাও
শুধু বল,
জেগেছ কি?
জাগে না শহর।
নিশিডাক প্রান্তিক থাকে।
রাতের প্রেমিক জানে,
সেরা তাকে কী কী নামে ডাকে।
তোমার সিঁদুরে থাকে অলক্ষ্মীর ছাপ।
লক্ষ্মী ছেলেই ভেবেছিলে?
তাই লক্ষ্মী আসে নি ঘরে,
ঘনীভূত শোক-স্তব-সমস্ত-পাপ!

Comments
Post a Comment