যতটুকু দেখা যায়, ততটুকু সবকিছু নয়।
কাশ আর আকন্দের কাছাকাছি
জৈবিক পচনের নাভিশ্বাস ঢাকে।
জন্মনাড়ীর স্বেদ, ত্যক্ত সোঁদাটে খসা জিভ
সেপটিক ট্যাঙ্ক চেঁছে হলদেটে নখের প্রতিভা
এইসব অনিচ্ছুক দিনাবলী পেরিয়ে পেরিয়ে,
এইখানে পৌঁছনো যায়।
তবে, সেটুকুই সবকিছু নয়।
এইটুকু নিয়মিত দিনের ফসল এক,
আর কিছু নয়।
যেইটুকু নিয়তির দৈব-চাহিদা সমুদয়
না ঘটলে প্রশ্নই উঠে যেত
কে কোথায় হিসেব রেখেছ আর
দিনশেষে প্রসাদের প্রসন্ন চাহিদার যৌক্তিকতার,
ও'টুক ঘটেছে, ব্যাস!
তোমার সমস্ত দান অপাত্রে যাবে?
তাই ভাব, এখনও যখন কেউ জাগে না বলেই
মনে হয় আর,
তখন সে খোদাতালা একাই জাগেন।
৮ অক্টোবর, ২০২২
Comments
Post a Comment