লিখিনা অনেকদিন।
তবুও কাগজ কিনে আনি।
যে, ওর সাথে অনাবশ্যক
কিছু পেনও গুটি গুটি আসে।
হিজিবিজি কলম-পিপাসা নিয়ে
অগত্যা আঁকিবুঁকি টানি।
আসলে এখন বই কেনে না তো কেউ,
লিখছিনা তাই। প্রকাশ্যে বলতে পারি না,
তাই শব্দে আড়াল নিই, ঢাল আর বর্ম টেনে
চুপিচুপি লিখে রাখি -
আমার চিন্তাপ্রসূ আদরজীবিকা।
এই লেখা, এসব শব্দশব আমি কি আদৌ চিনি?
ওরা তো মোটেই
আমাকে চেনেনা।
তোমায় লিখছি শোনো,
জনান্তিকে, আড়ালে সেঁধিয়ে,
এসময় অসুস্থ খুব ;
এই পৃথিবীতে আর কেউ নতুন কিছুই লেখেনা।
২৯ জানুয়ারী, ২০২৩
Comments
Post a Comment