এখন একটা ডিমসেদ্ধ খাব -
এইটুকু লিখতেই আঙুল শক্ত হয়ে আসে।
এবড়ো-খেবড়ো আর তলতলে দেখে বুঝি
ডিম খেতে যোগ্যতা লাগে ;
লিখতেও।
মূল্যবৃদ্ধি, আমাদের নষ্টকালের লুম্পেনি
ভদ্রতা, নিপাট স্বভাব -
সব কিছু মোবাইল, কী-বোর্ড গিলে নেয়।
আগের মতন আর ভাবতে পারি না।
তাই, আমাদের তারকারা "নাটু নাটু" - শোনে।
ওই নিয়ে সন্ধ্যে বিকল হলে আমাদের দু'লাইন কথা চালাচালি।
রাত হয়।
আমাদের যোগ্য মনটুকু কলমলাঠি করে নিই ;
হাঁটতে বেরোই।
এছাড়া আর কোন শুশ্রূষা-পথ আমার এখনও জানা নেই।
ঘরে ফিরে, ঘুমোতে যাওয়ার ঠিক আগে,
সচল পা, বাড়ির দেওয়াল আর পাত পেড়ে
একটুকু ক্ষত হওয়া ডিম -
আমাদের যোগ্যতা মাপে।
১৩ জানুয়ারী, ২০২৩
Comments
Post a Comment