কোনকিছু হয়নি পুরোনো।
গণিকার আতরজীবিকা, মায়াবী শস্যশীষ
আমাদের বিশ্বাসে অহর্নিশ
নতজানু,
আগলিয়ে রাখি।
বিকেল এখনও এক ধুরন্ধর লটারীর ফড়ে।
যা কিছু বা যাকে ধরে
এ জীবনে তার,
এপাড়া পেরিয়ে আর বেপাড়া যাওয়ার
অলীক মদের স্বাদ
নাকের তলানি ছুঁয়ে বেমক্কা, বেয়াড়া প্রতিযোগীর হলহলে কামার্ত জিভেতে পড়েছে।
দেখ, এই পুরোনো পোশাকে
যদি দৈবাৎ পাও পনেরোর লাল সিঁথি,
বিছানার চাদরের সাদা।
এটুকুই সুস্থতা, যাপনজীবিকা, আর ধারণের ব্যবসার নীতি
এটুকু বিলাসপুর, কল্যাণী-
সিঙ্গারা চায়ের সাথে ছুঁড়ে দেওয়া
শেষের অলৌকিক ধাঁধা।
১৯ অক্টোবর, ২০২২
Comments
Post a Comment