"কেবলি দৃশ্যের জন্ম হয়" -
আমরা তাহলে কি আজও দৃশ্য, সংলাপ থেকে
সরে আছি দূরে?
এখন ঘরেতে এলে ঘিরে ধরে শ্যাওলা রুটির স্বাদ,
আমাদের মিথোজীবী স্বভাবচারিতা -
"কী এনেছ? ম্যাঙ্গো সুফলে?
ধুর, গুড়ের পেলে না?"
"নেক্সট মাসে সিমলা যাচ্ছি, ওকে?
পাহাড়ের থেকেই কল নিয়ে নেব" ।
এসব সাহসী ভাষা নিয়ে চোখ চিকচিক করে এলে
ক্রেডিট কার্ডে ভাঙি পাপ আর অবাধ্য চাহিদা।
তবু, যা পারিনি তা
দৃশ্য নিংড়ে দিতে।
আমাদের পাহাড়ের একান্ত কফিতে,
শুধুই গ্যাঁজলা ওঠে।
ফেনা? না না।
নিউ জয়েনার বলে ভুল করে ওকেও চেটেছি।
এত কিছু হল তবু আমাদের কাছে কোন
কথার জন্ম নেই,
ছবির জন্ম নেই,
বিছানায় ভাসা ভাসা লাল-সাদা আলো।
সেডান জড়িয়ে থাকি, সভ্যতা-সবক শিখিয়ে -
দৃশ্য পিছলে যায় তরল লালার মত।
তারপর,
কালো
আর কালো।
১৮ জানুয়ারী, ২০২৩
Comments
Post a Comment