আলোর সুইচ টিপে বিছানায় ফিরে এসে মনে হয়
প্রতিটি মৃত্যুর থেকে
প্রতিবার, অলৌকিক আমাদের বাঁচা।
যাচাই করতে থাকি আঙুলের প্রত্যয়ী ডানা।
স্বপ্নে ককিয়ে উঠি- না, না!
সিলিং ফ্যানেরা আজও কলিগের মত
অতটা অবিশ্বাসী নয়।
পড়বে না ;
মোটে পড়বে না।
পাহাড়ে বেড়াতে গেলে
আশরীর গিলে নেওয়া খাদের ধারেতে
বিশ্বাসী পায়ের আঙুলও ডাকে -
"খাদ, খাদ" -- অতলস্পর্শী কামে
নেমে আসে চন্দ্রাহতের মত মৃত্যুচাহিদা।
অথচ, ছুটির পর কলকাতা ফিরি -
প্রতিবার।
তোমার ত্রিবলী ছুঁয়ে বলি - যা ভেবেছি, ভুল ভেবে গেছি।
এসব আর কখনও, কখনও ভাবব না।
গত বছর প্রমোশন না হলে,
এতসব কিছুই হত না। বন্ধুই ছিল ওরা।
তবু,
এসব করেই কী যে পায়!
এদিকে, হারামি শালা, মৃত্যু
আমার সাথে, প্রতিবারই বাঁচিয়ে বাঁচিয়ে রেখে
নিপাট ছলনা করে যায়।
২৪ ডিসেম্বর, ২০২২
Comments
Post a Comment