শেষ বলে কিছু নেই সিনেমাতে অঞ্জন দত্ত "আগুনের পরশমণি' গানটা ব্যবহার করেছিলেন। বহুদিনের অনভ্যাসের স্মৃতির ফোঁটা; তবু কপালে এখনো চড়চড় করছে।
আমি ২০১৪তে এক স্কুলে ফ্রেঞ্চ পড়তাম। একদিন ফ্রেঞ্চ টিচার্স রুমে আমরা কথা বলছি। পাশের মিউজিক রুম থেকে শুনতে পাচ্ছি প্রথমে একটা কাশি। তারপর একটা চিৎকার, তারপরে shriek. কান ফাটানো, কলজে ঠান্ডা করা একটা shriek. তার বেশ অনেক দিন পর 'আগুনের পরশমণি' গানটা সাথে যীশুর(অ্যান্ডির) অভিনয় দেখি।বিছানা কুঁচকে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। অ্যান্ডি ঘামছে। কপালে ঘাম, অসহ্য ছটফটানি, সম্পূর্ণ withdrawal অথবা seizure. অঞ্জন দার চরিত্র দূরে দাঁড়িয়ে। চোখ ভিজেছে, দপদপ করছে। এক মুহূর্তে ওই দুপুরের কথা মনে পড়েছিল যে, আমরা কীভাবে আমাদের মিউজিক টিচারকে নারকেল তেল বা মোজার ঘামের গন্ধ শুঁকিয়ৈ শান্ত করার চেষ্টা করেছিলাম।
ভাস্কর চক্রবর্তীর মত ওঁর(অঞ্জন দত্ত) চরিত্র কোথাও সিনেমার ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেকেই বলছে, "শান্ত হতে হবে, আরও শান্ত হতে হবে।"
একসময় যীশু(সেনগুপ্ত)র ছটফটানি থেমে যায়।
একটা দৃষ্টি;
শূন্য দৃষ্টি।
রবীন্দ্রনাথ, অঞ্জন দত্তের সিনেমাতে ফিরে আসেন বিভিন্ন ভাবে। অবনী বা স্ট্যানলি বোসের একসাথে গেয়ে ওঠা "জাগরণে যায় বিভাবরী" কিংবা 'ঠ্যাং খোঁড়া করে দেবো' এই হুমকির আগে ট্র্যাডিশন বয়ে আনা, 'অন্য কিছু করব ভাবতে ভালোবাসা' একটি খারাপ আধুনিক গায়ক অবনীর মনোলগে 'গাই না, কিন্তু আমার ভাবতে ভালো লাগে- রবীন্দ্রনাথ আমার মধ্যে আছেন' এই সবকিছুর মধ্যে আশ্চর্য পরতে পরতে।
এভাবে এখনও মনে হয়, ছোট ছোট মুহূর্তেই আমাদের জীবন নির্ধারিত হয়। কোন বিশেষ দর্শনে নয়; শুধুমাত্র এই মুহূর্তে। আজকে যে কথা বলছি, সেটা আজ থেকে ১০ বছর, ১৫ বছর বা ২০ বছর পর আমার কাছে ফিরে আসবে কিনা আমিও জানি না। তবে একটা কালক্রম পেরিয়ে আসব আমরা।
আমরা সময়টুকু নিয়ে বেঁচে থাকি। তবে কিছু মানুষ সময়াতীত কালকে নিয়ে না ভাবলেও প্রত্যেক মুহূর্তে সময়কে নির্মাণ করেন। আমরা একটু একটু করে সময়কে যত্নে যত্নে রাখি- যদি বা আমাদের দুপুরবেলা অথবা সন্ধ্যেবেলায় পার্কস্ট্রিট, রিপন স্ট্রিট, আলিমুদ্দিনে পাউডারের ঠেক কিংবা রাস্তায় পড়ে থাকা গরুর মাংসের চর্বির অপেক্ষায় কুকুর কিংবা অ্যালেন পার্কে ক্রিসমাসের অপেক্ষায় কাঠবিড়ালীরা ঘুরতে থাকে।
পুনশ্চ : শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে এত সুন্দর কোন সিনেমাতে, কোনদিন লেগেছে কি?
মনে তো হয় না!
১৭ জুন, ২০২২
Comments
Post a Comment