আকাশে গ্রহণ নয়,
অস্থির আগুন লেগেছে।
বাসের অবাধ্য থামা। "ও দাদা, ঘর থেকে
তুলে আনবেন নাকি?"
আর, কন্ডাকটরদের কঠিন বুকের দম
কখনও কখনও
আমার সাফল্য দিয়ে মাপি।
আগুন ছড়িয়ে গিলে নেয়,
শীতাতপ, জাড্য কলম - আর আমার বুকের দুরুদুরু।
অকারণ,
সব অকারণ, বাবা।
কোমল গাছপালা আর জমায়েত নেকড়ে
বন্ধুদল,
দেয়াল, হোর্ডিং, ব্যানারেতে - ওর উরু আর
ক্লিভেজ নরমটুকু, ফুঁ দিয়ে চেটে চেটে খায়।
এভাবেই প্রতিদিন দেখি আমি অফিস ফেরত,
আমার প্রথম প্রেম -
তার শেঁকা শরীরটুকুও,
গোলপার্কের মোড়ে সাড়ে সতেরো হাজারে
প্রতি ঘন্টায় ঘন্টায়,
নেকড়ের চোখেতে বিক্রি হয়ে যায়।
১১ জানুয়ারী ২০১৩ (পরিমার্জন ১৭ ফেব্রুয়ারী, ২০২৩)
Comments
Post a Comment