অস্বস্তি সহজ কিছু, তাই লিখি দৈনন্দিন।
এভাবে শব্দ আর বাক্য বলে,
করি নি কখনও কোনোদিনও তবু
এখনও সন্ধ্যে হলে গিলে করা রঙিন অস্বস্তিগুলো
কেন ফেরে?
কেন যায় অবরোহীবেলা?
অফিস ফেরত কল খুলি।
বালতিতে জল আর বাথরুমজোড়া শুধু
আওয়াজ, আওয়াজ।
পথেতেও তাই। বাড়িতে এখনই শুরু হল বলে-
মুখ আর রান্নার ছ্যাঁক ছ্যাঁক,
সিরিয়াল, কে কাকে খাবে।
ওদিকে জল বালতির নীচে মাথা ঠোকে।
বুদবুদ বায়বীয়; তাই কোনো ক্ষরণ দেখিনি।
তা হোক।
ওর ক্ষততে শুদ্ধ হব।
আর তাই, ফেনিল মগেতে জল
ঢেলে দিই পরিপক্ব ফলে।
যেটুকু চুল এখনও আঁকড়ে আছে -
তারা থাক, জল পাক।
কেউ তো থাকেনি।
বন্ধু, শ্রমণা আর বিষয়-আশয়
আমার ব্রহ্মজ্ঞান তালুতে ঠেকেছে তবে?
সন্দেহ হয়!
৫ আগস্ট, ২০২৩
Comments
Post a Comment