প্রতিদিন এই রাস্তায় মাথাচাড়া দিয়ে ওঠা
ওরা আর সামাজিকতা তো তাই বলে।
পাথর মারো নি ;
তবে, রাতে কিছু কোলাহল নিভে গেলে
তড়কা রুটির পর
না ছোড়া অ্যাসিড-বিষ পেটে জমে ওঠে,
কোহল সন্ধানে।
তবু, সামাজিক হওয়া ভাল।
কারণ, ব্যক্তিস্বাধীনতা আর ইচ্ছেধর্মটুকু
চাপা দিতে দিতে,
নিশপিশ আঙুলেতে সরোদ-গীটার বেজে ওঠে,
বিছানায়, একান্ত কুকাজে।
সমস্ত বিকেল জুড়ে এখন যৌনধর্ম নয়,
স্বচ্ছল শরীরী চাহিদা নয় -
শুভ্রহাসিনী আর
আনন্দগানটুকু আশরীর বাজে।
১১ আগস্ট, ২০২৩
Comments
Post a Comment