ভালোবাসা, -
এইটুকু সমস্ত উপচিয়ে সন্ধ্যা, শশী, বন্ধু হয়ে যায়।
সূর্যের পর্দা ছুঁয়ে দীর্ঘসূত্রী আলো মনে পড়ে।
ওসব কাকাবাবু, চাঁদের পাহাড় ঘেরা,
রহস্যে খুনের লাল, ব্লকবাস্টার -
সব বেকার উপমা।
এখানে চারুলতার মত ঘড়িটা
সাত কি আট মিনিট ধরে স্থবির বা স্থাণু হয়ে আছে।
কোন কিছু ভুল নয় - ব্যক্তিস্বাছন্দ্য শুধু
একুশের অলীক প্রেরণা।
এত দূরাগত হয়ে যেয় না, যেন!
এখনও বিরিয়ানী, লঙ্কা চিবিয়ে
রোববার ভাতঘুমে, একটু দেখলে কখনও বা,
তাড়িয়ে তাড়িয়ে ওঠে আমাদের ফেলুদার
সবুজ গাড়িতে ওঠা মধ্যকলকাতার সমস্ত
ওলটপালট প্রেম, নিউ মার্কেট, প্যারাডাইস,
গড়পার- অবাধ্য চাহিদা।
26 February, 2023
Comments
Post a Comment