লেখনী অধরা নয়, স্রোত ভাসে সমান্তরালে।
শহরের পরিযায়ী ধুলো, এলোমেলো ভাবনাকে টানে,
ব্যর্থতা ধীরগামী শ্বাস বিনিময়ের আড়ালে।
এমন দৃষ্টি-রোদ বহুদিন আসেনি এ ঘরে,
এমন শাঁসালো হাওয়া ভুল করে বেপথু ঢুকেছে,
ক্লাসরুম আলো করে আছে কিছু যুবক-যুবতী,
ওদেরই মধ্যে কেউ নড়েচড়ে ধীময়ী বসেছে।
লেখনী অধরা নয়, দুপুরের শ্বাস জমে ক্লাসে।
অপেক্ষা বিকেলের, দীর্ঘ দীর্ঘ পথ আছে।
সে পথের শেষে ভাষা; ভাসা ভাসা কিছুটা না বোঝা,
পথের গতিতে কিছু এলোমেলো শব্দেরা আসে।
স্রোত ভাসে বন্ধ্যার প্রেমে, আর লেখনীরা দূরপথগামী,
সেই কেউ, কেউকেটা হয়ে ওঠে ভুলে কাল দেশ-ও,
তবুও ভাষার ধারে ক্ষয়ে যায় নিরন্তর 'আমি'
যেভাবে বলার ভারে আজও তুমি জড়িয়ে রেখেছ।
৫ মার্চ, ২০১৪
(শেষ স্তবকটি শঙ্খ ঘোষের লেখার থেকে অনেকটাই নেওয়া)
Comments
Post a Comment