অকারণ বিরক্ত করছ।
অকারণ, অকারণ
পার্ক স্ট্রিট ডান্সফ্লোর, উদ্যম রাত,
আমার প্রথম ট্রেক,
খ্যাতির আনত চূড়া,
আমার গানের পর পাহাড়প্রমাণ হাততালি,
কিংবা আনখশির যৌনসম্ভাবনাময় বিকেলের কমলা আলোরা,
আমাকে তোমরা সব অকারণ, অকারণ,
অকারণ বিরক্ত করছ।
বরং, বেরিয়ে এস চায়ের দোকানে বা
বাঘাযতীনের প্ল্যাটফর্মে।
ওদের পাশেতে বসো, দাবার ছকের পাশে।
বিকেলবুড়োরা যেই "চেকমেট্, চেকমেট্" বলে
রুটি, ঘুগনি আর চায়ের অর্ডার পাঞ্চ করে দেবে,
লাগাও তোমার পাঞ্চ মোক্ষম কৌশলে,
বিমা-দালালের মত হাসো।
আর বেচে দাও যা যা বলছিলে –
সিঙ্গাপুরের ট্রিপ,
রিটায়ারমেন্ট পরিসীমা কমিয়ে আনুন,
বাই ওয়ান গেট থ্রি,
নিদেনপক্ষে লটারি জেতার ম্যাথক্লাস।
ব্যাস।
আমি ভাঙাচোরা লোক।
সন্ধ্যেতে এখন এই সোফাটুকু নিয়ে পড়ে থাকি।
এবছর বন্যায় ডুবে কাঠটাও একদম গেছে।
এখানে মেওয়া কি ফলে?
আমার সোফার পাশে
অকারণ, অকারণ
অকারণে বসে, ফুঁকে, বিরক্ত করছ।
আর কাল সকাল সকাল,
সোফাটাকে সারাইয়ের লোক আনতে হবে।
৫ নভেম্বর, ২০২৫
Comments
Post a Comment