অস্তিত্বের দিন যায়,
এমনই তো যায়।
ফেব্রুয়ারীর শেষ, সকাল এগারোটা।
ভোররাতে একচোট ভালোমতো বৃষ্টি ঢেলেছে।
এখন কফির মাগ, বাজার ঝাড়াই করা চারমিনার, আর,
চাদর, কোলবালিশ, প্যারিস রিভিউ –
অস্তিত্বের দিনমান এমনই তো যায়।
আরো কিছু কালো করে এল।
বাজারেতে ঝগড়া থেমেছে। সস্তায় পাঁচশ দশ,
সবজি বাজার।
একা ভেজা মার্জার
গা চেটে চেটে শুধু নিজের অস্তিত্ব চায়,
বিকল তাকায়।
সে মুহূর্তে হঠাৎ হাড় হিম। আমিও কপচে নিই
শূন্যপন্থা, ইতিহাসে
নিজেকে আনখশির ভাবি স্বঘোষিত নীৎসে।
আরেকটা মেঘলা দিন, পরিযায়ী বিষাদ আলো
শিরায় শিরায়।
অস্তিত্বের দিন যায়, অঘোষিত,
এমনই তো যায়।
২৪ ফেব্রুয়ারী, ২০২৬
Comments
Post a Comment