আমার শব্দমালা বাঁচাও আমাকে।
আমাকে ফিরতে হবে,
সেই দুপুরের রাজনীতির স্লোগানে
যেখানে সাচ্চা আমি, সোচ্চার
আমার সৃষ্টিকণা আঁজলা আঁকড়ে বাঁচি।
যা চাই, যেভাবে চাই,
অ্যাকাডেমি চত্বরে হরিদার চায়ের দোকানে,
ঠিক তখনই লিখি বা গাই।
মঞ্চ কাঁপাই, বাবুর বাগানে।
আমার শব্দমালা, আমার প্রেমিক-ঈশ্বর,
আমাকে আবার দাও মশমশে জুতো
আর খাগের কলম।
আমাকে হিঁচড়ে আনো, কলেজ স্ট্রিটের গলিতে গলিতে,
একতাড়া প্রুফ নিয়ে কলেজ স্কোয়ারে।
আমার শব্দমালা,
আমাকে পাইয়ে দিও বাবুয়ানি ভোর;
যে ভোর খিদের মতো লিখিয়ে নেয়
সাদা পাতা, পাতা, পাতা...
গত রাতদুপুরের ভার নেমে আসে
জ্যোৎস্না তরলে, আর ভরে যায় কবিতার খাতা।
৪ঠা এপ্রিল, ২০২৬
Comments
Post a Comment