প্রতিটি জন্মদিনই আসলে মৃত্যুদিন কারো।
অদলবদল তুমি-আমিতেই করে নিই তবে।
সমাপতনের কোনো মানে নেই, তবু তো হাজারও
সংকেত মনে আসে। কীভাবে ওপরওয়ালা সবেই
আমাকে যে নিয়ে আসে! প্রাপ্তি-অপ্রাপ্তির জালে
বংশলতিকা বলে– সফলতা খুব ভারি না তো!
মৃত্যুর মত চোরাবালি জেগে আছে কোন পাড়ে
সমুদ্র-স্নানেতেও ঘাই মারে মৃত্যুর সাঁকো।
আসলে এপিঠ ওপিঠ, আমাদের আজকের বাঁচা
অরুণোদয়ের থেকে সূর্যাস্তের রাজনীতি,
ছিল–নেই : এটুকুই বলার, যাওয়া বা ফেরাটা
শাঁখারি করাতে কাটে শাঁখার বা সিঁদুরের স্মৃতি।
প্রতিটি বার্ষিকীই জন্ম বা মৃত্যুর কারো
ওই বারে দেখা যাবে, কোনটা বেছে নিতে পারো।
Comments
Post a Comment