কাঁদিনি কখনো।
তাই, চোখের ওষুধটুকু স্বচ্ছ গড়াতে দেখে মনে হলকষ্ট না হোক, তবু কদাচিৎ,
মাঝেমাঝে,
এমন কান্না ভালো।
আমার বন্ধুর দেহ স্বপ্নে
কুড়িয়ে কুড়িয়ে খেল দানব কুকুর –
কাঁদিনি।
বিলে ভুল করেছে ওরাই ;
তবু রাতে কালো নালা থেকে উঠে আসা
সুদর্শন বাউন্সার কেউ,
ঘাড় ধাক্কিয়ে ওর ওজনটা মেপে নিল
সাদাটে কলার ধরে –
কাঁদিনি।
আমার বিড়াল কিছুদিন আগে মারা গেল।
রাস্তায় কালো মাছি।
আমারই তো দায় পড়ে, শ্মশানবন্ধু হই?
নাহ্, কাঁদিনি। কাঁদিনি।
বেশ আছি।
পালিয়েছি আমি,
স্রেফ কান্নার থেকে পালিয়েছি।
তবু
এখন এমন হাল,
মাগ্যির বাজারে যদি এটুকু গড়িয়ে পড়ে ওষুধ-বিষুধ,
তাহলে আমার গড়িয়ে পড়া আরো কয়দিন
ঠেকে যায়।
পকেট ফুঁপিয়ে ওঠে, তবে,
আমি বাঁচি।
নিজের জন্য গর্বিত বুক ফুলে ওঠে
নকল কান্নায়।
৩ জুন, ২০২৬
Comments
Post a Comment