১
যেটুকু যেখান থেকে পাওয়া,
সেইটুকু নিয়ে আমি আজকাল বসি।
সকালে কাগজ পড়ি, নিরর্থক
আর, হাওয়া দেয়।
সব তোলপাড় করে দেওয়া হাওয়া।
২
মন মনে হয় আপাতত বসতে পেরেছে।
এতদিন কী যে ছিল! এ দলে, ও দলে
আর বিরুদ্ধতার স্বর
শুঁকে নিলে, হঠাৎ বিষম ক্ষেপে বলে দিত –
হয়ে যাক, তুলকালাম? নারদ নারদ?
তিন নম্বর কই গেল?
কই গেল তিন নম্বর?
৩
এখন কি রাত্রি হয়েছে?
তাহলে শোনো, বসো। বলা যাক
যা যা কিছু সকালেতে বলবার নয়।
বললে, এ বরাভয় মুদ্রার আঙুল খসে যাবে।
আর, তখনই বেরিয়ে আসবে রাহু,
আমাদের জন্মে শনির দশা, গুরুচণ্ডালী।
এটুকু নিজের থাক।
আরে, ছাড়ো, ছাড়ো। চুপ্!
তুমি এসো, জুড়িয়ে বোসো তো।
শোনো,
অমলেট খাবে?
৪
তুমি যেই উর্বর হয়ে গেলে,
সে দুপুরে জ্বর এল খুব।
এমনটা কেন হয়? বলো, বলো?
যেই হয় মুহূর্ত-সমাধা, কাছাকাছি ঠোঁট, প্রমোশন,
কেন সেই বেমক্কা পেয়ে বসে
অভিমানী আমার অসুখ?
৬ সেপ্টেম্বর, ২০২৬
Comments
Post a Comment