যে আমিকে ছেড়ে আসা, অনিঃশেষ, বহুযুগ আগে,
সে আমির কাঁচা চুলে লেগে আছে পচাগলা কালো।
এখন অনতিদূরে পরে থাকা অবশেষ আলো
কীভাবে ফিরিয়ে দেবে অনুভবী আগের তোমাকে?
যে আমি বিষমপদী, একদিন জোরালো হাওয়াতে
আজানু প্রলম্বিত ধর্মতলাতে, পার্ক স্ট্রিটে
রণপায় ছুটে যায়, বে-আক্কেল বাসের গতিতে
ফেরাবার কিছু দায় আছে তার? তালে? পাখোয়াজে?
অথচ, দেখতে গেলে প্লীহা, যকৃৎ ফুঁড়ে আসে
সেই আমিই আনখশির, প্রতিদিন পলে অনুপলে
আলোর সীমানা বেয়ে, বে-কাবু হাওয়ায় – আদখিনা।
আলো কি স্বরের পরিবাহী নয়? শ্বাসে প্রশ্বাসে?
তোমাকে ডাকছি শোনো মন্দ্র ষড়জে, সম্বলে
এটুকুই। দেখা যাক আশরীর তুমি আসো কিনা।
১৮ সেপ্টেম্বর, ২০২৬
Comments
Post a Comment